পাহাড়ে ভালুকের হানা, গুরুতর জখম ১
দি নিউজ লায়ন ; পাহাড়ে ভালুকের হানা। গুরুতর জখম ১। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে সান্দাকফুর কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম ছবিলাল রাই। আদতে নেপালের বাসিন্দা হলেও সান্দাকফুর কাছেই থাকেন তিনি। স্থানীয় জঙ্গল থেকে পাতা সংগ্রহের জন্য গিয়েছিলেন মঙ্গলবার সকালে। তখনই আচমকা একটি ভালুক তার উপর ঝাঁপিয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা কোনক্রমে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। গুরুতর জখম অবস্থায় ছবি লালকে দার্জিলিং হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত সেখানে চিকিৎসা চলছে তার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাত-পা সহ শরীরের বিভিন্ন জায়গায় চোট রয়েছে তার। অবস্থা আশঙ্কাজনক। যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেখানে ভালুক থাকলেও এই ধরনের হামলার ঘটনা সাম্প্রতিক অতীতে খুব একটা শোনা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Post a Comment